Fall 2024 Anime List - New Anime in October 2024 - Brief Discussion
কোনটা ছেড়ে কোনটা দেখব ?
As the Fall 2024 anime season rolls in, fans are treated to a diverse lineup of shows across various genres. From heart-pounding action to heartwarming slice-of-life, there’s something for every viewer. After watching the first one or two episodes of a few standout series, here’s a quick rundown of what’s grabbing attention this season. Whether you’re into intense battles, complex characters, or emotional storytelling, these early reviews offer a sneak peek to help you decide which anime to dive into.
Chibi Intro:
বাংলা ভাষায় অ্যানিমে রিভিউ পড়ার আনন্দ একেবারেই অন্যরকম। এটি ভারত থেকে বাংলায় লেখা এই প্রথম ও একমাত্র ব্লগ যেখানে আপনি বাংলায় অ্যানিমে রিভিউ, সুপারিশ, খবর, এবং আরও অনেক কিছু পাবেন। এখানে অ্যানিমে জগতের গভীরে ডুব দিয়ে, প্রতিটি গল্পের বিশেষত্ব, চরিত্রের বিকাশ এবং অ্যানিমেশন স্টাইলের সূক্ষ্ম দিকগুলি তুলে ধরার চেষ্টা করি। বাংলা ভাষাভাষী অ্যানিমে প্রেমীদের জন্য সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে বাংলা ভাষায় রিভিউ তুলে ধরা হয়, যাতে প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারেন। আমার লক্ষ্য হল আপনাদের কাছে অ্যানিমে জগতের সেরা কাজগুলোকে আপন ভাষায় পৌঁছে দেওয়া, এবং আপনাদের মতামত গ্রহণ করে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করা। যারা বাংলায় অ্যানিমে নিয়ে জানতে চান, তাদের জন্য এই ব্লগটি একটি সুন্দর মাধ্যম। আশা করি, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।
Japanese Animes :
Youkai Gakkou No Sensei Hajimemashita / A Terrified Teacher at Ghoul School!
মোট এপিসোড : 24
Genre : Comedy, Fantasy
এক জন 'মানুষ' শিক্ষক হিসেবে এক Yokai-দের স্কুলে পড়াতে গেছে। সেখানে সবাই yokai আর একজনই শুধু মানুষ। এবার মানুষ আর yokai এর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ও বিভিন্ন ঘটনা নিয়ে গল্প। কিছু মজা, কিছু ছ্যাচড়ামি নিয়ে খুব লাইট একটা school-life story. তবে yokai বলে school-life টা একটু অন্যরকম। এই প্রথমবার দেখলাম Yokai-কে ট্রান্সলেট করা হয়েছে ghoul বলে।
Blue Lock Vs U 20 Japan / Blue Lock Season 2
মোট এপিসোড : ১৪
Genre : Sports
Blue Lock season ১ থেকে কিচ্ছু বদলায়নি। Characters, Tension, Mood, Competition, অ্যানিমেশন সবই এক , শুধু intro outro গান বাদে। এটা যে continuation, তা ফার্স্ট সিন থেকেই মনে হবে। Repetition নেই, অযথা সময় নষ্ট করেনি, viewers দের বুঝিয়ে দিয়েছে তৈরি হও বড়ো ম্যাচ আসছে। যেন মনে হবে season ১ আগের সপ্তাহে শেষ হল এটা যেন পরের এপিসোড।
নামেই বোঝা যাচ্ছে এটা Blue Lock এর সাথে জাপানের U 20 ম্যাচ নিয়ে গল্পটা থাকবে। এখন ফুটবল এসোসিয়েশন এতো খরচ করল Blue Lock-এর জন্য তাকে নষ্ট করার জন্য উঠে পরে লেগেছে, আর ভরসা রাখছে জাপানের U 20-এর উপর যারা টপ নচ নয় বলেই তো এতো কিছু হলো! যাহোক জাপানের U 20-এর সাথে ম্যাচ যে খুব সহজ হবে না সে আভাস যেমন থাকছে, তেমন Blue Lock এর প্লেয়ারদের মধ্যেও প্রতিযোগিতা রেখে দিচ্ছে। সেই সাথে থাকছে তাদের মেন্টাল ফাইট। নো মিস !
DAN DA DAN
মোট এপিসোড: 12 টা
Genre: Action, Comedy, Supernatural
আমি জানি না.... এটা জাস্ট কী ছিল ! সময়ের সাথে কত কিছুই না বদলায়। Sci-Fi আর Fantasy এক সাথে রেখেছে বুঝছি কিন্তু...কিন্তু এগুলো কী ঘটছে ? একটা এপিসোড বেরিয়েই এটা memes এ জায়গা করে নিয়েছে। হ্যাঁ এমনি গল্প। wait, এটা কী আদৌ গল্প ?
Meme দেখে যদি ব্যাপারটা পরিষ্কার না হয়, তাই বলি, তো, দেখা যাচ্ছে Okarun and Momo Ayase দুই প্রোটাগনিস্ট, একজন পাগল UFO, উহু, UAP আর Aliens দের নিয়ে, আর একজন বিশ্বাস করে ভূতে, কারণ তার grandma ছিলেন একজন Medium. সেই grandma সাথে Momo-এর একটা স্যাড backstory আছে। Momo Ayase ভীষণ 'stressed' কারণ সেই দিনই তার boyfriend-এর সাথে তার - উহু ঝগড়া নয়, লড়াই হয়েছে, রীতিমতো ঘুসি-লাথি চলেছে এবং break-up, আর এদিকে Okarun অন্যদের হাসির পাত্র কিন্তু সে তাতে পাত্তা না দেওয়ার চেষ্টা করে। তো দুজনে মিলে চ্যালেঞ্জ করে এবং Okarun, যে এলিয়েন-এ বিশ্বাস করে সে দেখতে যায় ভূত আর Momo দেখতে যায় এলিয়েন। তারা কি তাদের দেখতে পায় ? হ্যাঁ, ভালো রকম ভাবেই। Alien রা নাকি সবাই ছেলে তাই তারা momo-কে রেপ করতে চায় আর দিদিমা ভূত -এর চাই :

দিদিমা ভূতকে Okarun তার প্রাইভেট জিনিস আদৌ দিতে চায় না, এবং সে পালাতে যায়। আর এভাবে Okarun হয়ে যাবে cursed, সে মোবাইল থেকে ট্রাভেল করে চলে আসবে Ayase-র কাছে এবং তাকে বাঁচাবে, কিন্তু সে cursed আর সে নিজের বডি আদৌ কন্ট্রোল করতে পারে না, তাকে সেটা থেকে বাঁচাবে Ayase-এর স্পেশাল পাওয়ার। দারুন ফাইট আর শেষে দুজনে বিশ্বাস করবে ভূত এবং এলিয়েন দুটোই সত্যি। এই হল ফার্স্ট এপিসোড। স্কুল ড্রামা হলেও cliengy নয়। ক্যারেক্টার design ইন্ট্রোতে খুব interesting লেগেছিল, এপিসোডটা দেখার পর মাইন্ড ব্লক হয়ে গেছিল। Ayase-র হাটা চলা, মুড swing, সেই চিরাচরিত anime girl image থেকে বেশ আলাদা আর সেটাই একটা অন্য মুড এনে দেয়।
Loner Life in Another World
২০২৪ এর শুরু থেকেই isekai নিয়ে অনেকগুলো anime বেরোচ্ছিল। এটাও তাই। একই ধাঁচে ফেলা গল্প। প্রোটাগনিস্ট একজন loner, যাকে তার স্কুলে কেউ পাত্তা দেয় না। হটাৎ করে একটা পোর্টাল খুলে যায় আর তার ক্লাসমেটরা সবাই অন্য এক ওয়ার্ল্ড-এ চলে যায়। সে পালাতে চায় কিন্তু শেষ মেশ অন্য ওয়ার্ল্ড-এ যেতে বাধ্য হয়। দুটো ওয়ার্ল্ড-এর মাঝে সে দেখা পায় এক বুড়ো লোকের, সে বলে তাকে স্কিল পছন্দ করে নতুন দুনিয়ায় নতুন জীবন শুরু করতে। কিন্তু সে যেহেতু শেষে এসেছে, তাই তার জন্য যা যা option পরে আছে একটাও পছন্দ হওয়ার মতো নয়। শেষে, বুড়ো রাগ করে পরে থাকা সব গুলোই তাকে দিয়ে দেয় আর তাই নিয়ে সে আসে নতুন দুনিয়ায়। এবং সেখানেও সে নিজেকে পায় একা। বাধ্য হয়েই সে শুরু করে অস্তিত্ব রক্ষার লড়াই।
Negative Positive Angler / NegaPosi Angler
যদি কেউ বলে তুমি আর দুই বছর বাঁচবে তাহলে তুমি কী করবে?
যাহোক, এই গল্পের প্রোটাগনিস্ট-এর একই অবস্থা এবং সে শিখে ফেলে মাছ ধরা। :-) সেটাই গল্প।
প্রথমে দেখা যায় প্রোটাগনিস্ট এক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সে যা করতে চাইছে বা করছে সব ব্যর্থ হয়ে যাচ্ছে এমনকি মরতে চাইলেও জীবন তাকে মরতে দেয় না। তখন এক pile কাগজের মধ্যে একটা খাম পায় ও তার মনে পরে, তার চেকআপ-এর জন্য যাওয়ার কথা আছে। তারপর সে যখন হাসপাতালে যায়, তখন সে জানতে পারে তার আর দুই বছর সে বাঁচবে। সে Arcade-এ যায় পরে থাকা টাকা গুলো দিয়ে গেম খেলতে, সেখানে তাকে ধরতে আসে যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল কিন্তু ফেরত দেয়নি। তারপর ? দৌড় ! এভাবেই সে পরে যায় জলে। আর তাকে উদ্ধার করে কিছু অত্যুৎসাহী শখের মেছুরে। তারা তাকে প্রাণে বাঁচিয়ে তোলে, পাওনাদার দের থেকেও বাঁচায় আর সময় কাটাতে শিখিয়ে দেয় মাছ ধরা।
যেটা ভাবা হয়না সেখানেই অনেক সময় ভাগ্য খুলে যায়, বলে। সে arcade-এ limited edition gacha যেমন ক্যাচ করে, না দেখে পালিয়ে যায়, এবারও তাকে অবাক করে দেয় যখন সে প্রথম বারেই ধরে ফেলে একটা বড় মাছ। একটা সুন্দর ভোর এবং সকাল কাটিয়ে সে বাড়ি ফেরে নিজের ধরা প্রথম মাছ ভেজে খাবে ভেবে। আর বাড়ির সামনে এসে দেখতে পারে, সেটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। End প্রথম এপিসোড।
অ্যানিমেশন খুব সুন্দর, ক্যারেক্টার গুলোও। বেশ কিছু কারণে Anime-টা দেখা উচিত। আমার বিশ্বাস Anime-টা একটা শান্ত মত ভালোলাগা রেখে দেবে যদি কেউ একাত্ম হতে পারে।
Tower of God Season 2: Workshop Battle
Genre : Action, Adventure, Drama, Fantasy, Mystery
এটা কিছু জায়গায় Tower of God Season 2-এর সাথে আপডেট হতে পারে, কিছু জায়গায় আলাদা করে। যা হোক, একটা ছোট্ট গ্যাপ দিয়ে শুরু হয়েছে Tower of God Season 2: Workshop Battle. Intro-Outro Change তো অবশ্যই আলাদা, বাকি সব একই আছে। এখানে দেখা যায় সব টিম Workshop Battle-এর জন্য প্রস্তুতি নেবে। সব জায়গায় ঘোষণা হয়েছে Kun মারা গেছে। যেটা Bam র Kun-এর প্রথম টিম-এর কারও বিশ্বাস হয়েছে তো কারও হয়নি। তবে তারা উঠে পরে লেগেছে Viole-কে মারতে। Kun যোগ দিয়েছে Viole-র আগের টীম-এর সাথে এবং তাদেরকে সে তৈরী করবে Workshop Battle-এর জন্য। Viole-কে FUG বানিয়ে দিয়েছে নতুন team. কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে Viole টিম-এর থেকে আলাদা হয়ে পরে আর শেষ হওয়ার আগের মুহূর্তে সে দেখতে পায় তাকে মারতে ঝাঁপিয়ে পড়ছে Endorsi. Get Ready for more drama and thriller.
Uzumaki: Spiral into Horror
মোট এপিসোড : ৫
Genre : Avant Garde, Drama, Horror, Suspense
ভীষণ প্রত্যাশিত Uzumaki শেষমেশ এসে গেছে আর ঝপাঝপ আপডেটও হয়ে গেছে। এটা নিয়ে কিছু বলার থাকে না। Manga এবং Trailer থেকে যা প্রত্যাশা ছিল সেটা গোটা টাই আছে। এখন সেটা দেখে ফেললেই সার্থক। Junji Ito-কে যারা চেনে (কে চেনা না?) আর যারা গল্পটা জানে বা Horror পছন্দ করে তাদের আশা করি দেখা শেষ। না হলে, খালি পেটে সাবধানে অবশ্যই দেখে ফেল Uzumaki.
You Are Ms. Servant / Kimi wa Meido-sama.
মোট এপিসোড : ১২
Genre : Comedy
Hitoyoshi Yokoya একজন হাই স্কুলের ছাত্র যে বর্তমানে একা থাকে, ঘর অগোছালো এবং নোংরা। একদিন, একটি অচেনা মেয়ে তার দরজা এসে বলে তাকে সে Maid হিসেবে রাখবে কিনা। সে কাজ কর্ম কিছুই পারে না, উপরন্তু সে এখন former assassin. Hitoyoshi Yokoya তাকে না বলে দেয় এবং সে ঘর থেকে চলে আসে। তার এখন না আছে কোন থাকার জায়গা না কাজ না টাকা পয়সা। হটাৎই ড্রামাটিক ভাবে এমন একটা পরিস্থিতি তৈরী হয় যেখানে Maid দারুন দক্ষতায় Hitoyoshiকে ট্রাক এর চাপা দিয়ে দেওয়া থেকে বাঁচায়। Hitoyoshi শেষ পর্যন্ত তাকে Maid হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। অনেকের কাছে এটা স্বপ্নের মত মনে হবে।
তবে অদ্ভুত ভাবে শুরু হলেও মনে হয় গল্প বলে কিছু থাকবে। গল্পটা এটাই যে একজন assassin কিভাবে একজন বাধ্য শান্ত maid হয়ে high school boy-এর সাথে দিন কাটাবে। সে যেখানে খুন করার মেশিন হয়ে গেছিলো তার মধ্যে আসবে অনুভুতি, আবেগ এবং পাবে এক অন্যরকম জীবন আর ৫ জন সাধারণ মেয়ের মত। অন্যদিকে Hitoyoshi Yokoya-র একাকী জীবনে আসবে এক অন্য ঢেউ। Maid assassin হলেও আদতে শান্ত এবং কম কথার মানুষ, যেটা কিছুটা Komi-San-এর মত। Characters দের visual সুন্দর, animation ও ভালোই।
How I attended an all-guy's mixer / Goukon ni Ittara Onna ga Inakatta Hanashi
মোট এপিসোড : ১২
Genre : Comedy, Romance
অ্যানিমে শুরু হয় যেখানে তিন বন্ধু Tokiwa, Asagi, Hagi মিলে Tokiwa-র সহপাঠী Sou-র আমন্ত্রণে একটি Mixer-এ যায়। যখন তারা গন্তব্যে পৌঁছায় তখন তারা দেখতে পেল যেখানে তারা আশা করেছিল তিনটি সুন্দরী মেয়ে, তার পরিবর্তে অপেক্ষা করছে তিনজন dazzling-handsome ছেলে ! পালাই পালাই করতে গিয়ে তখন তারা জানতে পারে তারা ছেলে নয়, ছেলেদের পোশাকে মেয়ে। তাদের মধ্যে একজন Tokiwa-র সহপাঠী Sou এবং বাকি দুজন Kohaku এবং Fuji যারা Sou-এর সাথে Bar-এ একসাথে কাজ করে।
অপ্রত্যাশিতভাবে মিক্সারটি সফল বলা যায়, কারণ দেখা যায় তারা একে অপরের প্রতি কিছুটা আগ্রহী হয়ে পড়ে। তারপরই Tokiwa জানতে পারে, Sou, তার চার্মিং প্রিন্স লুক-এর জন্য কলেজ ক্যাম্পাসে মেয়েদের মধ্যে ভীষণ বিখ্যাত। যেটা সে বুঝতে পারে না সেটা হল Sou-এর Tokiwa-র উপর ক্রাশ আছে। তারপর কী ঘটে সেটাই দেখার। ছেলেরা কি তাদের আসল মেয়েলি চেহারা দেখতে পাবে নাকি Sou, Kohaku এবং Fuji তাদের Ikemen চেহারা দিয়ে Fan Service দিতে থাকবে ? Slowly to unfold.............
স্কুল student-দের নিয়ে anime প্রচুর হয়েছে, সেই হিসেবে কলেজ/ইউনিভার্সিটি student দের নিয়ে anime পেয়ে ভালো লাগলো। অ্যানিমেশন ভালো, গল্পটাও মজাদার হবে আশা করা যায়। ফ্যান সার্ভিস তো অঢেল। প্রত্যেক জনের characteristics পুরো আলাদা, যেটা একটা ফ্লেভার এনে দেয়।
Blue Box / Ao no Hako
মোট এপিসোড : ২৫
Genre : Romance, Sports
Taiki Inomata, Eimei একাডেমির ছাত্র, যেটা Sports-এর Powerhouse বলেই পরিচিত। Taiki খুব সকালবেলা স্কুলে ব্যাডমিন্টন প্রাকটিস করতে ছোটে। কিন্তু তার আগেই প্র্যাক্টিস শুরু করে দেয় স্কুলের মেয়েদের বাস্কেটবল দলের Ace, Chinatsu Kano, এবং Taiki-র ক্রাশ। একবার ভেবে দেখ মাহলটা কেমন লাগে। ফাঁকা Gym-এ উদীয়মান সূর্যের সোনালী আলোর তলায় তুমি আর তোমার ক্রাশ, সেই সাথে হাসি,কথা, treat এর বিনিময় প্রতিদিন। শুধু বোকা-মিষ্টি প্রেম দিয়ে anime-টা ভর্তি করেনি। Taiki আর Chinatsu হয়ে ওঠে একে ওপরের সাপোর্ট। ন্যাশনালসে-এ ব্যর্থ হওয়ার পর, Chinatsu-র জন্য আসন্ন ম্যাচগুলো জেতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং যেহেতু সে ফিমেল বাস্কেটবল দলের একজন ষ্টার প্লেয়ার, তাই সবাই তার খেলার দিকেই তাকিয়ে থাকে। Taiki আর Chinatsu এর সম্পর্কটা এমনি ভাবে উঠে এসেছে যে তারা সব কিছু ছেড়ে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়েনি বরং নিজেদের খেলায় আরও উন্নতি করতে জোর পেয়েছে। ভালোবাসা এখানে তাদের লক্ষচ্যুত করে না, আরও মজবুত করে। Taiki, Chinatsu-র মতো ভালো খেলোয়াড় না হওয়ায় সে উঠে পড়ে লাগে খেলায় ভালো ফল করতে যাতে সে Chinatsu Senpai এর যোগ্য পাত্র হতে পারে। সেটাই তাকে এগিয়ে নিয়ে যায়।
তাই, এখানে আমরা চিরাচরিত স্পোর্টস অ্যানিমের তথাকথিত রূপ দেখতে পাই যেখানে Characters রা নিজের সবটুকু দিয়ে তাদের খেলায় ঝাঁপিয়ে পরে, সেই মোটিভেশনাল স্টোরি আর তাদের গ্রোথ। এরই সাথে, Taiki কিছুটা ভাগ্যবান হয়ে ওঠে যখন Chinatsu-র পরিবারকে বিদেশে যেতে হয় এবং Chinatsu-কে Taiki-র বাড়িতে থাকতে পাঠানো হয় কারণ তাদের মায়েরা স্কুল জীবনে একে ওপরের ভীষণ ভালো বন্ধু ছিল।
ভীষণ সুন্দর একটা রোমান্স anime এবং এমন একটা স্পোর্টস anime যেখানে Male-Female Romance দেখতে পাওয়া যায়। অ্যানিমেশন দারুন, আর প্রমিসিং একটা anime।
Raise wa Tanin ga Ii / Yakuza Fiancé
Genre: Romance
Kansai অঞ্চলের সবথেকে বড় Yakuza সংগঠন তথা Osaka-র Somei Group এর নেতার নাতনি হল Yoshino Somei. তার সাথে বিয়ে ঠিক করা হয় Tokyo-র অন্যতম Yakuza গোষ্ঠীর নেতার নাতির সাথে, যার নাম Kirishima Miyama.
দুপক্ষের নেতাদের কোথায় বাধ্য হয়ে Yoshino Somei Tokyo-তে গিয়ে থাকতে হয় Kirishima Miyama-র বাড়িতে এবং ভর্তি হয় একই স্কুলে। Kirishima Miyama একজন পাকা Yakuza, সামনে তার চার্মিং লুক, আর হাসির দেখা গেলেও সেটুকুই সব নয় ; এদিকে কিন্তু Yoshino Somei আদৌ মারামারি রক্তারক্তির ভক্ত নয়। ঠিক হয় সে সেখানে ১ বছর থাকবে কিন্তু স্কুল হোক বা ঘর কোনো জায়গাতেই Yoshino Somei ভালোভাবে থাকতে পারে না। স্কুলে Kirishima Miyama ভীষণ ফেমাস, এবং Somei কে ধমকি শুনতে হয় Kirishima Miyamaর fangirls দের থেকে, আর সে bully ও হয়। অন্যদিকে Yoshino Somei-র নরম স্বভাব দেখে Kirishima Miyama তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে Yoshino Somei কে সে যা ভেবেছিলো, সে তা নয় এবং সেটা তাকে ভীষণ নিরাশ করেছে। সেই সাথে সে ছুড়ে দেয় কিছু অপমানজনক কথা। Yoshino Somei কে হার মানতে মানা করে তার Yakuza দাদু। Kirishima Miyamaর Challenge সে মেনে নেয় আর এরপরই Yoshino Somei টোকিওতে তার নতুন জীবন শুরু করে নতুন ভাবে। জানিয়ে দেয় তার মধ্যেও রয়েছে Yakuza -র রক্ত। Yoshino Somei-র নতুন অবতার দেখে Kirishima Miyama সঙ্গে সঙ্গে বলে যে সে তাকে ভালোবাসে, আর তাকে সে ছাড়বেনা। কিভাবে Yoshino Somei Tokyo-র Yakuza আর Underworld-এর মধ্যে নিজের গল্পকে সাজায় আর Kirishima Miyamaর সাথেই বা তার সম্পর্ক কী রূপ নেয় সেটাই Anime.
পুরোনো Anime স্টাইল-এর ক্যারেক্টার ড্রয়িং লাগলেও আসলে বেশ ঝা চকচকে Anime। পাতি রোমান্স হবে বলে মনে হচ্ছে না আর main characters রা বেশ hot ! Anime-র intro outro বানানোটা বেশ। সবাই Yakuza বলে হয়ত voiceover-এ একটু rowdy গলা দেওয়ার চেষ্টা হয়েছে যাতে গলা গুলো স্কুল student বয়সের সাথে একটু বেমানান লাগতে পারে। খুন খারাপি,underworld আছে। Hot Characters আছে। আগের Yakuza Romance Anime 'A Girl and Her Guard Dog' বাজে অ্যানিমেশন বা character design এর জন্য কিছু এপিসোডের পর আর চোখে তোলা যাচ্ছিল না। এটায় আশা করি সেরকম কিছু হবে না।
Trillion Game
মোট এপিসোড : ২৬
Genre : Drama
Haru Tennouji আর তার বন্ধু Manabu Taira, দুজনে কিভাবে নিজেরা বিসনেস শুরু করে ট্রিলিওনিয়ার হয়ে ওঠে সেটাই গল্প।
Haru Tennouji সকলের প্রিয়, ক্যারিশম্যাটিক এক চরিত্র যার অসাধারণ বাচনভঙ্গি আর বাগ্মিতা সব কিছু জয় করতে পারে অর্থাৎ সে কথা বলে ওস্তাদ, সে সত্যি হোক বা মিথ্যা। তাকে দেখতে সাধারণ হাসিখুশি হলেও তার ভিতরে আছে চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা। 1 ট্রিলিয়ন ডলার উপার্জন। সব থেকে বড় IT কোম্পানি, "ড্রাগন ব্যাংক"-এ কাজ পাওয়ার পরও সে কাজে যোগ দেয়না এবং বন্ধু Manabu-কে নিয়ে লেগে পরে নিজেদের বিসনেস করতে। Manabu পুরোপুরি Haru-র বিপরীত একটা চরিত্র। যেমন হয় কয়েনের দু পিঠ বা একজন মানুষের দুটো সত্তা যেটা প্রকাশ হয় আর যেটা সে হতে চায়। Manabu-র IT-তে দক্ষতা প্রশংসনীয়, কিন্তু বাকি দিকে সে দুর্বল। কিন্তু Haru-র সাথে যোগ দিয়েই দুজনে লেগে পরে 1 ট্রিলিয়ন ডলার উপার্জনের বিশাল উচ্চাকাঙ্ক্ষাকে সফল করতে। সফল তারা হয়, কিভাবে? সেটাই গল্প।
Trillion Game Character-দের লুক বেশ আলাদা। ২৬ টা এপিসোডের দরকার আছে কী জানি না কিন্তু স্লো নয়। আর গল্পের scene গুলোর সাজানোর মধ্যে একটু নাটুকে ভাব আছে।
Kamonohashi Ron no Kindan Suiri 2nd Season / Ron Kamonohashi's Forbidden Deductions Season 2
মোট এপিসোড : ১৩Genre : Comedy, Mystery
Kamonohashi Ron is Back. গল্প শুরু ঠিক যেখানে আগের season শেষ হয়েছে। অ্যানিমেশন, character, সব কিছুই season ১ এর মতোই রয়েছে। আগের ঘটনাগুলো অন্যদের ঘটানো হলেও এবার সব মৃত্যুর টার্গেট হল Ron. House of M পরপর অনেক মিস্ট্রি murder ঘটাতে থাকবে Ron-কে চ্যালেঞ্জ করে আর তাকে কষ্ট দেওয়ার জন্য। প্রত্যেক murder এর সাথে Ron এর সামনে রাখা হয় একটা ধাঁধা যাতে লুকিয়ে থাকে পরের Murder-এর সম্পর্কে তথ্য। ধাঁধা ধরে Ron সেখানে পৌঁছালেও সে murder থামাতে পারে না আর সেটা তাকে আরও উত্তেজিত করে তোলে আর মজা নিতে থাকে House of M. Ron কী House of M -এর সামনা করতে পারবে? Season ২ উত্তর দেবে ১৩ টা এপিসোডে।
Tsuma, Shougakusei ni Naru./ TsumaSho
মোট এপিসোড : ১২
Genre : Comedy, Romance
১০ বছর আগে নিজের প্রিয়তমা স্ত্রী Takae-কে হারায় Keisuke Niijima. এখন তার পরিবারে বাবা আর মেয়ে Mei. দুজনেরই জীবন যেন সেই ১০ বছর আগে থমকে গেছে। বেঁচে থাকতে গেলে যতটুকু প্রয়োজন সেগুলোই রোবটের মতো করে চলেছে তারা। ঝগড়া না হলেও কারো মুখে কোনো হাসি দেখা যেত না, কাজের সময় হোক বা ঘরে একান্ত সময়ে। Keisuke Niijima অন্য সময় শুধু নিজের স্ত্রী Takae-কেই মনে করে চলে।
এমনসময় একদিন একটা ১০ বছরের বাচ্চা তাদের বাড়িতে এসে বসে সেই হল Keisuke Niijima-এর স্ত্রী Takae, এবং সে প্রমাণও দেয়। সে দাবি করে সে Takae-র নবজন্ম আর সবে মাত্র সে তার আগের জন্মের স্মৃতি ফিরে পেয়েছে। সেই সাথে বাবা-মেয়ের কপালে জোটে অনেক ধমক আর অনেকটা আনন্দও। এবং সেই বাচ্চার উপস্থিতি বদলে দেয় তাদের জীবন। ১০ বছরের বাচ্চাটি বাবা- মেয়ের সংসারের দায়িত্ব বেশ কিছুটা নিজের ঘাড়ে তুলে নেয় আবারও। সে বাড়ি থেকে Bento বানিয়ে আনে অফিসে নিয়ে যাওয়ার জন্য। কোন কুমারী মেয়ে তার বরের জন্য খাবার বানিয়ে আনছে তারও খোঁজ সে রাখছে।
Anime তে এখন দেখতে হচ্ছে মধ্য বয়স্ক একজন লোক আর ১০ বছরের বাচ্চার মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক আর সেই সাথে ছোট বাচ্চাদের পাকা পাকা কাজ কর্ম - কথা বার্তা। দ্বিতীয়টা প্রচন্ড চলনসই ঠিকই কিন্তু প্রথমটা নয়। তবে একটা এপিসোডে এটা খুব সতর্ক ভাবেই তুলে ধরা হয়েছে যাতে creepy লাগেনি, আবার কারও হয়ত ইমোশনাল লাগতে পারে।
365 Days to the Wedding / Kekkon suru tte, Hontou desu ka
Genre: Romance
মিছিমিছি বিয়ের প্ল্যান করতে করতে প্রেম। Takuya Ohara আর Rika Honjoji একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে। দুজনের কেউই খুব একটা মিশুকে নয়। নিজেদের মতো কাজ করে ঘরে যায়। Rika Honjoji আনন্দ পায় Maps এর মধ্যে, যেটা সে কাউকে জানায়নি কারণ কারোর দিকে তাকালে সে ভাবে Rika রেগে আছে। Takuya Ohara নেহাতই সাধারণ ২৪ বছরের একজন যুবক, একটা দেমাকি বিড়াল তার সঙ্গী। এর মধ্যে একদিন অফিস থেকে বলা হয় কোন সিঙ্গেল একজনকে আলাস্কাতে পাঠানো হবে কাজের জন্য। আলাস্কা যাওয়া আটকাতে Rika Honjoji প্রস্তাব দেয় Takuya Ohara-কে বিয়ে করার জন্য - মানে মিথ্যা বিয়ে। কিন্তু তাদের মিথ্যা তাদের উপরই ভারী হয়ে পরে। দুজনের awkward-boring জীবনে আসতে থাকে নতুন এক ছোঁয়া। doki-doki একটা সুন্দর কমেডি-রোমান্স।
Chi.: Chikyuu no Undou ni Tsuite / Orb: On the Movements of the Earth
মোট এপিসোড : ২৫
Genre : Drama
Orb: On the Movements of the Earth এটা সবার জন্য নয়। Orb: On the Movements of the Earth manga টা জাপানে যথেষ্ট নাম করলেও বাইরে এতটা জানা যায়না। গল্পটা ঐতিহাসিক এবং sci-fi. কতটা সত্যি জানিনা কিন্তু সত্যি তথ্যের উপর ভিত্তি করে লেখা। কিছু ডায়লগ যেমন খুব সুন্দর, প্রথমদিকে terror resonance গুলো অপ্রত্যাশিত। ঘটনাটা পোল্যান্ডের। নাম অনুযায়ীই গল্পটা। অর্থাৎ এটা সেই সময়কে তুলে ধরে যখন চার্চ মানুষকে বোঝাতো God সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর তলায় বা centre-এ আছে পৃথিবী, আর সূর্য সহ সব গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর একদল বুদ্ধিজীবী সেটা মানতে নারাজ তারা প্রমান করতে চায় পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু এটা প্রমান করা না সহজ না লোককে বোঝানো সহজ। চার্চ বা বাইবেল-এর বাইরে কিছু বললেই তার মুখ বন্ধ করে দেওয়া হয়। গ্যালিলিও-এর ঘটনা আমরা যারা জানি তারা কিছু একাত্ম হতে পারবে। এখন এটা ট্রেন্ড যে প্রোটাগোনিস্ট প্রথম ৫ এপিসোড একবার মরে যায়। এখানে তাই মনে হবে, কিন্তু এখানে কেউ বেঁচে উঠবে না, বেঁচে থাকবে তাদের সত্য প্রকাশের যে আশা, যে প্রচেষ্টা, সেটা। মৃত্যু আর সময় দুটো জিনিসই এগিয়ে যেতে থাকবে। গল্পে ভালো লাগানো আছে, সেরকম ভাবতেও শেখায়। আনন্দের গল্প মনে করার কিছু নেই। আকাশ আর অ্যানিমেশন সুন্দর। কখন স্লো করা দরকার কোন ফ্রেম আগে পরে হলে দর্শক সেটা অনুভব করতে পারবে, সেই ভাবে সাজানো হয়েছে। অ্যাস্ট্রোনমি, সায়েন্স, হিস্ট্রি তে যাদের ভালো লাগে, তাদের ভালো লাগবে।
Rekishi ni Nokoru Akujo ni Naru zo / I'll Become a Villainess Who Goes Down in History
মোট এপিসোড : 13 eps, 23 min
Genre : Comedy, Fantasy, Romance
আর একটা isekai গল্প যেখানে একজন মেয়ে তার পছন্দের otome game-এর ভিলেন হয়ে চলে যায় সেই গেম-এর ওয়ার্ল্ড-এ। তার নাম হয় Alicia. সেই ম্যাজিক ওয়ার্ল্ড-এ Alicia ছোট থেকেই বেস্ট ভিলেন হওয়ার জন্য সব রকম প্রাকটিস শুরু করে এবং বয়সের আগেই সে সবাইকে ছাপিয়ে এগিয়ে যায়। সেই সাথে otome game- এর love interest-কেও তার দিকে আকর্ষণ করে। সে নিজেকে ভিলেন বলে দাবি করলেও তাকে ঘৃণা করা দূর, তার চরিত্র সবাই পছন্দ করে, তার কাজ, সাহস, ব্যবহার, বুদ্ধি সব কিছুই সবাইকে তাক লাগিয়ে দেয়। Villainess Level 99 - এর মত গল্প যাদের ভালো লাগে তাদের পছন্দ হবে। Sweet characters, normal animation কিন্তু ভালো লাগায়। একটুও slow নয় কিন্তু character design আস্তে আস্তে খারাপ হচ্ছে।
Chinese Anime
Immortal Doctor In Modern City
ভীষণ সৎ একটা synopsis দিয়ে বেরিয়েছে এই donghua. সাধারণ লোকের বোঝার বাইরে হলেও এটা অন্য সব dongua-এর মতোই, এবং novel adaptation. বোঝার বাইরে হল ডাক্তারি, এবং শুধু তাই না, Top Level Traditional Chinese medicine নিয়ে গল্প। আদৌ সত্যি কিনা কে বলতে পারে, কিন্তু এই season-এর anime গুলোর খুব তাড়াতাড়ি update পাওয়া যাচ্ছে। প্রথম এপিসোডটা lenght-এ বড় হলেও পরের গুলো খুব ছোট।মডার্ন সোসাইটিতে ঘটে ঘটনাগুলো। গল্পের শুরুতে প্রোটাগনিস্ট একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে মরে যায়, হটাৎ করে এক পাওয়ার পায় আর মেডিসিন ও ট্রিটমেন্ট নিয়ে অনেক কিছু শিখে ফেলে এবং আবার বেঁচে ওঠে। তার টাকা পয়সার অভাবে মা এর যে চিকিৎসা সে করাতে পড়ছিল না, সেটা সে নিজেই সারিয়ে ফেলে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে জানতে পারে কিছু লোক কিছু evil power কাজে লাগিয়ে মানুষের ক্ষতি করতে চাইছে। সে তার নতুন শিক্ষা দিয়ে অনেকের প্রাণ বাঁচায় আর তার ভাগ্যও খুলে যায় অনেক দিক থেকে। সে ঠিক করে তাদের সে খুঁজে বের করবে।
Ya She; Silent House
Ya She বা Silent House হল একটা Antique Shop-এর নাম। তিনটে এপিসোডের সমান প্রথম এপিসোড বেরিয়েছে আর সেটা ১ ঘন্টার উপর। কিন্তু দেখতে শুরু করলে মনেই হবে না ১ ঘন্টা কিভাবে কেটে যাবে। Anime-টা খুব অন্যরকম কিন্তু একেবারেই আলাদা নয়।
সাধারণ মানুষ যারাই কোনো বিপদে পরে তারা এই Antique Shop-এ এসে পরে। Antique Shop-এর মালিক তাদের সমস্যা সমাধানের জন্য তাদেরকে ধার দেয় সঠিক কিছু জিনিস, যার মধ্যে লুকিয়ে আছে কোনো অতীতের গল্প। আর সেই গল্প আর বর্তমানের সামঞ্জস্য এনেই চমৎকার দেখায় সেই বস্তুগুলো। শুধু তাই নয় এনে দেয় অনেক সুন্দর ইমোশন আর গল্প। Antique Shop-এর মালিক আর তার 'বন্ধু' বেশ রহস্যময়। আর অতীতের যে ঘটনা গুলো উঠে আসে সেগুলোও বেশ সুন্দর অনুভূতি এনে দেয়। কোনো মারামারি হুড়োহুড়ি নেই, সুন্দর অ্যানিমেশন আর দারুন ভিজ্যুয়াল নিয়ে তৈরী হয়েছে Ya She.
The Fall 2024 anime lineup is shaping up to be a great season, offering something for every taste. Whether you’re in for action-packed battles, emotional drama, or supernatural mysteries, these early impressions should give you a glimpse of which series might become your new favourite!
Thank You.
- by KolkattansAnime
Reading anime reviews in Bengali brings a unique joy. This blog proudly presents the first and only platform where you can find anime reviews, anime recommendations, anime news, first impression and much more in Bengali from India. This Blog dives deep into the world of anime, aiming to highlight the uniqueness of each story, character development, and the finer aspects of animation. These anime reviews in Bengali are written in a friendly tone, making it easy for Bengali-speaking anime lovers to connect and understand. This Blog's goal is to bring the best of the anime world to you in your own language, while always being open to your feedback for continuous improvement. For those looking to explore anime reviews in Bengali language, this blog serves as a wonderful platform. We hope you enjoy our efforts and continue to support us with your love and encouragement.
Wow. Nicely written quite frank and honest. I like the way it described. Way to go. Gambatte!
ReplyDelete